বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি গতকাল প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী আগামী ২০ আগস্ট থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষার নতুন রুটিন প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, সংশোধিত রুটিন অনুযায়ী–আগামী ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা বলা হয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে ওই সময় দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট সকালে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট সকালে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট সকালে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ সেপ্টেম্বর সকালে রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর সকালে উপরোক্ত বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর সকালে অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর সকালে অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে ওইদিন সকাল ৯টায় মুল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে ড্রইং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন।












