শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি–জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই শোভাযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘির পাড়, কোতোয়ালী মোড়, নিউ মার্কেট, রাইফেল ক্লাব, বোস ব্রাদার্স, বৌদ্ধ মন্দির, মোমিন রোড ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে শেষ হয়।
গতকাল শুক্রবার সকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন বাঁশখালী ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
শোভাযাত্রায় বিভিন্ন বয়েসী ভক্তরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নেচে–গেয়ে বাদ্য বাজনা বাজিয়ে অংশ নেয়ায় এক অপরূপ দৃশ্যে পরিণত হয়। ঢাক ঢোল বাজিয়ে, বাঁশির সুরে নানা সাজে সজ্জিত ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে র্যালিতে অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেছেন, পৃথিবীর সব ধর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজে মানুষের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করা। সকল ধর্মই মানুষকে পারস্পরিক শ্রদ্ধা–মানবিক ও সহনশীল হওয়ার শিক্ষা দেয়। সকল ধর্মের মানুষ, বর্ণের মানুষকে নিয়ে আমাদেরকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অসামপ্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। সব সমপ্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি নির্ভয়ে সকল ধর্মের মানুষকে তাদের অনুষ্ঠান, উৎসব পালন এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে অসামপ্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান।
মহাশোভাযাত্রা উপ–কমিটির আহ্বায়ক বাবুল ঘোষ বাবুনের সভাপতিত্বে শুরুতে গীতাপাঠ করেন কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি চন্দন দাশ। মহাশোভাযাত্রা উপ–কমিটির সদস্য সচিব শিমুল মুহুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর.কে দাশ রুপু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী রাজীব ধর তমাল, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, নন্দনকানন রাধা মাধব মন্দিরের সাধারণ সম্পাদক তারণনিত্যানন্দ দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ–সভাপতি লায়ন তপন কান্তি দাশ, সহ–সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, শিবু প্রসাদ দত্ত, বিদ্যালাল শীল, হরিপদ দাশ, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস।












