রেফারি পদোন্নতি পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (সিজেএফআরএ)। বাফুফে রেফারিজ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে পদোন্নতি পেয়েছেন সংগঠনের ১৬ জন রেফারি। তাঁদের মধ্যে চারজন প্রথম শ্রেণি থেকে জাতীয় রেফারি হিসেবে উত্তীর্ণ হয়েছেন। ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি, দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণি এবং প্রথম শ্রেণি থেকে জাতীয় রেফারি হওয়ার যোগ্যতা অর্জন করেন তাঁরা। প্রথম শ্রেণি থেকে জাতীয় রেফারি হয়েছেন এহসানুল হক শাওন, হাবিবউল্লাহ, শাহাবুদ্দিন ও দিদারুল ইসলাম। দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে পদোন্নতি পেয়েছেন মেহেদী হাসান, রফিকুল ইসলাম বাপ্পি ও মাইনুল কবির শাওন। এ ছাড়া তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন মো. সবুজ, আকতার হোসেন বাথু, নাজমুল, সাকিল, সোহেল রানা ও শরফুউদ্দিন।
একই শ্রেণিতে পদোন্নতি পেয়েছেন নারী রেফারি মিলি আকতার, কৃয়া দাশ ও অন্তু দাশ। সিজেএফআরএর সদস্যদের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির নির্বাহী কমিটি, সাধারণ সদস্য ও আজীবন সদস্যরা। শুভেচ্ছা জানিয়েছেন সিজেএফআরএ সভাপতি চট্টগ্রামের উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক এবং সাবেক ফিফা রেফারি, বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সহ–সভাপতি ও বাফুফের রেফারিজ কমিটির সদস্য আবদুল হান্নান মিরন।












