কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের সময় চকরিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মিনিট্রাক। গতকাল শনিবার সকাল পৌনে ছয়টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার স্টেশন এলাকায় এ অভিযান চালায় পুলিশ। পুলিশ জানায়, পাচারের সময় মিনিট্রাক তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতগড় নয়াপাড়ার রফিক আহমদের ছেলে মোহাম্মদ এহেছানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। অভিযান পরিচালনায় থাকা চকরিয়া থানার অপারেশন অফিসার মো. শাহেদুল্লাহ জানান, এ ঘটনায় ইয়াবা কারবারি এহেছানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।












