ঘানার সবচেয়ে দীর্ঘকায় মানুষ স্থানীয়ভাবে যিনি ‘আউচে’ নামে পরিচিত, সেই সুলেমানা আব্দুল সামেদ মারা গেছেন। ৩৩ বছর বয়সী এই জনপ্রিয় ব্যক্তির প্রয়াণে দেশটির উত্তরাঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় শহর তামালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পায়ে হওয়া ক্ষত মারাত্মকভাবে সংক্রামিত হওয়ায় নিজ গ্রাম গাম্বাগা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে তামাল টিচিং হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। খবর বিডিনিউজের।
হাউসা ভাষায় ‘আউচে’ শব্দের অর্থ চলো যাওয়া যাক। বয়স ২০–এর কোঠায় পৌঁছানোর পর সামেদের দেহে ‘গিগান্টিজম’ বা অতি দৈত্যাকৃতির উপসর্গ ধরা পড়ে। ২০২২ সালের শেষের দিকে বিবিসি তার উচ্চতা মেপে ৭ ফুট ৪ ইঞ্চি (২২৩ সেন্টিমিটার) পেয়েছিল। তবে মৃত্যুর আগে তার উচ্চতা আরো বেড়েছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি মারফান সিন্ড্রোম নামক একটি বিরল জিনগত ব্যাধিতেও ভুগছিলেন, যা শরীরের সংযোগকারী টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গ অস্বাভাবিকভাবে দীর্ঘ করে দেয়।
সুলেমানা জন্মগতভাবে অস্বাভাবিক লম্বা ছিলেন না। ২২ বছর বয়সে ঘানার রাজধানী আক্রায় কসাইয়ের দোকানে কাজ করার সময় প্রথম তার দেহে পরিবর্তন দেখা দেয়। প্রথমে মুখগহ্বরে জিহ্বা বৃদ্ধি পেয়ে শ্বাসকষ্ট শুরু হয় আর পরবর্তীতে শরীরের অন্যান্য অঙ্গ দ্রুত বাড়তে থাকে।











