দেশের বিভিন্ন স্থানে গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা–কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ঋণপ্রবাহ বজায় রাখা, ব্যবসা–বাণিজ্যের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের শাখা ও কার্যালয়ের মাধ্যমে প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহক লেনদেন, সঞ্চয়, ঋণসহ বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করেন। তাই ব্যাংকিং কার্যক্রমের নিরাপদ, স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন পরিবেশ বজায় রাখা দেশের অর্থনীতি ও জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংক জানায়, সামপ্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রমের পরিসর তুলে ধরে বলা হয়, ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা–শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪টি জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। এ ছাড়া ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার মোট ১০৪টি শাখা ও কার্যালয় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে কর্মকর্তা–কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গত ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।











