গুলিয়াখালী সৈকত থেকে ৩২ অবৈধ দোকান উচ্ছেদ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১১ মে, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে সরকারি জায়গায় উপর অবৈধভাবে নির্মিত ৩২টিরও বেশি দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সরকারি জায়গা উদ্ধারের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের নেতৃত্বে গতকাল রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন, ওসি মো. মহিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীরসহ পুলিশ, আনসারের শতাধিক সদস্য। উচ্ছেদের আগে সকাল থেকে উপজেলা প্রশাসন অবৈধ দোকান ঘর সরিয়ে নিতে গুলিয়াখালী সমুদ্র সৈকতে মাইকিং করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল বলেন, সরকারি জায়গা উদ্ধারের অংশ হিসেবে মূলত এ উচ্ছেদ কার্যক্রম। সৈকত ঘেঁষে দোকান ঘর নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য এবং সৌন্দর্যও নষ্ট হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের কাছ থেকে দোকানিরা অতিরিক্ত মূল্য হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয় তাদের সাথে সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। তাই এ স্পটটির সৌন্দর্য বৃদ্ধি এবং নিরাপত্তার লক্ষ্যে সৈকত ঘিরে অবৈধভাবে নির্মিত ৩২টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমব কালচার বন্ধে আইন সংস্কার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধজনগণ-পুলিশের সম্পর্ক আস্থার হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে