জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য, দুর্নীতি ও দলীয়করণের ঊর্ধ্বে উঠে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে গণভোটসহ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিআইএ উত্তর জেলা জামায়াতের হলরুমে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আহসানুল্লাহ বলেন, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি শক্তিশালী জনভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, সংগঠনকে গতিশীল ও কার্যকর করতে প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, জবাবদিহিতা ও কর্মতৎপরতার পরিচয় দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











