চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ১০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার প্রথম দিন দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশ্ববিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গতকাল দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজউদদীন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুনেচ্ছা খানম, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ডা. ইব্রাহিম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান ইমামের সঞ্চালনায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজি অনুষদের আয়োজনে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুনেচ্ছা খানম ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ডা. ইব্রাহিম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিকেল টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন এবং মেডিকেল শিক্ষার মানোন্নয়ন ও সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের এই মাইলফলক স্পর্শ করার মুহূর্তে আয়োজকবৃন্দ সকলের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণায় শ্রেষ্ঠত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।












