খামেনির শেষকৃত্যে যাচ্ছেন স্পিকার

| বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরান সরকারের আমন্ত্রণে তার তেহরান যাওয়ার তথ্য দিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্পিকার যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। এখন ভিসা গ্রহণসহ বিস্তারিত সফরসূচি ঠিক করা হবে। খবর বিডিনিউজের।

আলি খামেনির শেষকৃত্যের আয়োজন ৪ জুলাই তেহরানে শুরু হওয়ার কথা জানিয়েছে ইরান সরকার। রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। মার্চে এই শেষকৃত্যের আয়োজনের পরিকল্পনা করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতে থাকায় তা স্থগিত করা হয়। তিনদিনের শেষকৃত্যের আয়োজন হবে তেহরানে এবং কওম নগরীতে শেষকৃত্যের আয়োজন শুরু হবে ৭ জুলাই।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসক গোষ্ঠীর পতন ঘটানোর ঘোষণা দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে বিমান হামলা শুরু করে। হামলার প্রথম দিনই নিজ বাসভবনে নিহত হন ৮৬ বছর বয়সি আলি খামেনি। ইরানি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালের শেষ দিক থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন আলি খামেনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে একজন আহত, আটক ১
পরবর্তী নিবন্ধমাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ