সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে এনায়েত আলী (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এনায়েত আলী আমিলাইষ ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মৃত উকিল উদ্দিনের ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে রায়হান রনি (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েত আলী ঘটনার দিন রাতে এলাকার একটি দোকানে ব্রাজিল ও জাপানের মধ্যকার ফুটবল খেলা দেখে বাড়িতে ফিরছিল। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান হাত এবং ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েও জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত এনায়েত আলী বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এনায়েত আলী নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এবং কেন তাকে গুলিবিদ্ধ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল বলে শুনেছি। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে এক যুবককে আটক করা হয়েছে।











