ক্লিন বাংলাদেশ কর্মসূচিতে ১০ লক্ষ চারা রোপণের ঘোষণা চসিক মেয়রের

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

ক্লিন ও গ্রিন চট্টগ্রাম গড়ার লক্ষ্যে ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চসিকের সহযোগিতায় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। গতকাল রোববার কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত হোসেন জনি। মেয়র বলেন, আমরা ক্লিন বাংলাদেশ কর্মসূচি হাতে নিয়েছি। এর আওতায় শহরে ১০ লক্ষ গাছ রোপণের ঘোষণা দিয়েছি। নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি মানুষের জীবনের জন্য অপরিহার্য। ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে গাছ আমাদের জন্য অঙিজেন সরবরাহ করে এবং আমাদের নিঃসৃত কার্বন ডাইঅঙাইড গ্রহণ করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গাছ রোপণ একটি সদকায়ে জারিয়া। যতদিন একটি গাছ থাকবে, ততদিন আল্লাহর সেজদা চলতে থাকবে এবং রোপণকারীর জন্য সওয়াব অব্যাহত থাকবে।

তিনি বলেন, অকারণে বন উজাড়, পাহাড় কাটা বা গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে কঠোর আইন প্রণয়ন এবং প্রয়োগ প্রয়োজন। কানাডার টরন্টো শহরে অনুমতি ছাড়া একটি গাছ কাটলে ৩ থেকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের দেশেও এ ধরনের শাস্তির বিধান থাকা জরুরি।শিক্ষার্থীদের উদ্দ্যেশে মেয়র বলেন, প্রত্যেকেই অন্তত একটি করে গাছ রোপণ করবে। শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এ কাজে সহায়তা করবেন। এভাবে আমাদের বাংলাদেশ সুজলা–সুফলা, শস্য–শ্যামলা হয়ে উঠবে।

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চশিক শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, চসিক বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীবাসীর ভালোবাসায় সিক্ত হলেন চিকিৎসক ডা. পি. সি. পাল
পরবর্তী নিবন্ধশহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল ক্যাম্প