উরুগুয়ের কাছে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। গতকাল প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭–০ গোলে বিধ্বস্ত করেছে তারা। জোড়া গোল করে আলো ছড়িয়েছেন উদীয়মান তারকা নিকো পাজ। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে মাত্র আট মিনিটে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। ৩৫ মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের সেরা গোলটি করে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন পাজ। মাঝমাঠ থেকে বল পেয়ে কোস্টারিকার কয়েকজন ডিফেন্ডারের বাধা সামলে পেনাল্টি বঙে জায়গা তৈরি করেন তরুণ এই ফরোয়ার্ড। এরপর জোরালো শটে বল জালের ওপরের কোণে পাঠান তিনি। তাতে আর্জেন্টিনার লিড হয় ৩–০। ৪৩ মিনিটে আবারও গোল করেন আলভারেজ। বঙের কাছ থেকে তার প্রচন্ড গতির শট কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক সেইকেইরাকে পরাস্ত করে। ফলে বিরতির আগেই ৪–০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শুক্রবার বুয়েন্স আয়ার্সে উরুগুয়ের কাছে ২–১ গোলে হারের পর এই জয়ে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। বিরতির পর পাজকে তুলে নিয়ে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে মাঠে নামান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেন ইতালির ক্লাব ফিওরেন্তিনায়। মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন মাস্তানতুয়োনো। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র তিন মিনিটের মধ্যে গোল করে আর্জেন্টিনার ব্যবধান ৫–০ করেন তিনি। ৭৮ মিনিটে লিভারপুলের অ্যালেঙিস ম্যাক অ্যালিস্টার ষষ্ঠ গোলটি করেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে জোরালো নিচু শটে নিজের দ্বিতীয় গোল করে ৭–০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।











