আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে মরহুম ইসহাক কাদের ক্রিকেট একাডেমি। গতকাল শুক্রবার সকালে শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে তারা ২২৪ রানের বিশাল ব্যবধানে নিউ স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করতে নেমে ইসহাক কাদের ক্রিকেট একাডেমির দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজ্জাদ হোসেন ও সামসুদ্দিন বাপ্পা জুটি ১৭৫ রান সংগ্রহ করেন। এতে করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৩০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দলটি। সাজ্জাদ হোসেন ৩১ বলে ৭২ এবং সামসুদ্দিন বাপ্পা ৩২ বলে ৯২ রান তোলেন। দলের পক্ষে অন্যান্যদের মাঝে এস কে আরমান উল্ল্যা ৪৩, তাওসিফ ৩৮ ও তুহিন মেহেদী ২৬ রান করেন। বল হাতে নিউ স্টার ক্রিকেট একাডেমির রায়হান ও মো. মাসুম ২টি করে উইকেট লাভ করেন। জবাবে বিশাল টার্গেটকে তাড়া করতে নেমে নিউ স্টার ক্রিকেট একাডেমি ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে রাব্বি সর্বোচ্চ ১৭, শাহরিয়ার অপরাজিত ১৫ ও সাকিব ১৩ রান করেন। বল হাতে ইসহাক কাদের ক্রিকেট একাডেমির নান্না ৭ রানে ৩টি, সাজ্জাদ ১৯ রানে ৩টি ও বাপ্পা ১১ রানে ২টি উইকেট তুলে নেন।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ইসহাক কাদের ক্রিকেট একাডেমির অলরাউন্ডার শামসুদ্দিন বাপ্পার হাতে ট্রফি ও ৫,০০০ টাকা প্রাইজমানি তুলে দেন অতিথি বিএডিসি’র প্রকল্প পরিচালক মো. মাহামুদুল আলম। দিনের দ্বিতীয় খেলায় রায়হান স্পোর্টস মাঠে না আসায় বিপক্ষ দল দুর্বার সংঘ ওয়াকওভার লাভ করে। আজ শনিবার সকাল ৯টায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম উদীয়মান ক্রিকেট একাডেমি এবং দুপুর ১টায় আসওয়াদ ক্রিকেট একাডেমি বনাম চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করবে।











