কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত সোয়া ১২টার দিকে লাগা আগুনে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে। প্রতিপক্ষের ছোড়া পেট্রোল বোমা হামলায় এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। খবর বিডিনিউজের।
তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা বা বিস্ফোরক ব্যবহারের কোনো আলামত পায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাও নাকচ করেছে বিদ্যুৎ বিভাগ। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কেউ বাড়িটিতে আগুন লাগিয়ে থাকতে পারে। ঘটনার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নুসরাত তাবাসসুম বলেন, গত ২৮ শে অক্টোবর রাতে আনুমানিক সাড়ে ৯টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকি কল আসে এবং তারও কিছু আগে পরে আমি আরও বেশ কিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি এই পুরো ঘটনা বর্ণনা করে ঢাকার কলাবাগান থানাতে একটি জিডি করেছিলাম। সেই জিডির পরেও আমার কাছে বেশ কিছু হুমকি এসেছে।
বিশেষ করে গতকাল আমার বাড়িতে দুর্ঘটনাটি… দুর্ঘটনা নয়, হামলাটি যখন হয় তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয় অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়। আপনারা জানেন যে, এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখি না। যদি গায়ে মাখতাম তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন–ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রোল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, এজন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারে পেট্রোল বোমা হামলার মতো। বাড়িটি পরিত্যাক্ত নয় দাবি করে তিনি বলেন, এই বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সাথে প্রায় পাঁচ–ছয় বছর ধরে আছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি, এটাই আমাদের বসতবাড়ি। এই বাড়িটিতে বর্তমানে আমার গবাদিপশুর খামার ছিল, আমার আত্মীয়–স্বজন ছিল, সেই অসহায় পরিবারটি ছিল, যেই পরিবারের একটি শিশু আহত হয়েছে। আমার অনেকগুলো গবাদিপশু মারা গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের এই সদস্য।
তিনি বলেন, যে কারোর ওপরেই গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ককটেল হামলাতে একজন সাধারণ ড্রাইভার যেভাবে আহত হয়েছে, ঠিক মধ্যরাতে আমার বাড়িতে একই রকমভাবে পেট্রোল বোমা হামলাতে একটি শিশু সেভাবে আহত হয়েছে। তো আমি বলতে চাই যে, যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছেন তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। কারণ শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে খুব স্মার্ট ওয়েতে কথা বললেই আর অস্বীকার করলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে সেটা মিথ্যা হয়ে যাবে না।
এ ঘটনায় আপনি মূলত কাদের সন্দেহ করছেন–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসপিসি নেত্রী বলেন, আমার এলাকাবাসীকে আমি সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা আওয়ামী লীগেরই কাজ। এদিকে আগুন নেভানোর পর ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, বুধবার রাত ১২টার পর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, আগুন নেভানোর পর আশপাশে তল্লাশি চালিয়ে কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্যের আলামত পাওয়া যায়নি। পল্লী বিদ্যুতের কর্মীরাও পরীক্ষা করে শর্ট সার্কিটের কোনো প্রমাণ পাননি। তাই আগুনের ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলছেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আটকক্ষ বিশিষ্ট টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এনসিপি নেত্রীর দাবি অনুযায়ী, ওই বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়েছে কি–না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভেড়ামারা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে, তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে এখন পর্যন্ত সেখানে পেট্রোল বোমা বা বিস্ফোরক জাতীয় কোনো আলামত মেলেনি। তিনি বলেন, ঘটনাস্থলের পাশেই একটি তিনতলা ভবনে সংসদ সদস্যের মা–বাবা থাকেন, তারা কেউ অগ্নিদগ্ধ হননি; তারা নিরাপদে আছেন। বৃহস্পতিবার দুপুরে নুসরাত তাবাসসুম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা দায়ের ও যৌথ তদন্তের প্রক্রিয়া চলছে।










