কাপ্তাই লেকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় গত ১৫ নভেম্বর ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে পুরুষ বিভাগে ১০ জন এবং নারী বিভাগে ১০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এবং নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন প্রথম স্থান অর্জন করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা নারী পুরুষ মোট ২০ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি রাঙ্গামাটির বিএফডিসি ঘাট এলাকায় এসে শেষ হয়। প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা দ্বিতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন। নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন প্রথম, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার দ্বিতীয় এবং পলি খাতুন তৃতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগিতা শেষে রাঙ্গামাটির শহীদ শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
তিনি বিজয়ী সাঁতারুদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির এমপি দীপেন দেওয়ান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান। সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীকে ক্রেস্ট, সনদপত্র এবং ২০ হাজার টাকা প্রদান করা হয়। একইভাবে ২য় এবং ৩য় বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্রের পাশাপাশি ১৫ হাজার এবং ১০ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও সাঁতারে অংশগ্রহণকারী প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। সাঁতার প্রতিযোগিতা উপভোগ করার জন্য কাপ্তাই লেকের বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।










