নগরের কাজীর দেউড়ি থেকে লালখান বাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত শতাধিক অবৈধ হকার ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন স্বয়ং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অভিযানে সড়ক ও ফুটপাতের সৌন্দর্য নষ্টকারী অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়।
এ সময় মেয়র বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে পারবে না। হকার ও অবৈধ ব্যানার–পোস্টার উচ্ছেদে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না। অভিযানের পর যেন আবার ফুটপাত দখল না হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। শীঘ্রই আমরা নগরজুড়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করব।
তিনি বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে হলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে। তবে নগরবাসী ও ব্যবসায়ীদেরও আইন মেনে ফুটপাত ও সড়ক ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মেয়র বলেন, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নগরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। উচ্ছেদ অভিযানের পর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের নিয়মিত নজরদারি বাড়াতে হবে। অভিযানের পর পুনরায় কেউ ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ট্রাফিক বিভাগকে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।










