রাঙ্গুনিয়া উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ ইউনুস (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার উপজেলার পদুয়া ইউনিয়নের কলান্তর ছড়া এলাকায় নিজ কলাবাগানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউনুস পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুরুশিয়া চেংগো এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
নিহতের শ্বশুর আব্দুল বাতেন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় চার মাইল দূরে কলান্তর ছড়া এলাকায় নিজের কলাবাগান থেকে কলার ছড়া কাটতে যান ইউনুস।
এ সময় হঠাৎ ভারী বৃষ্টিপাতের সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু সাড়া না পেয়ে তাদের মধ্যে উদ্বেগ বাড়ে।
পরে বিকালের দিকে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বাগানটিতে গিয়ে তাকে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি তারা অবহিত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ওইদিন রাত দশটার দিকে পশ্চিম খুরুশিয়ার স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।












