কর্ণফুলী ও মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

আজাদী ডেস্ক | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

কর্ণফুলী : কর্ণফুলী প্রতিনিধি জানান, শিকলবাহা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত আরমান শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুতুব মাঝির বাড়ির আলী আহমেদের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্বজনরা আরমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই জলিল মিয়া জানান, বর্ষার কারণে রাস্তা ভেঙে যাওয়ায় পাশের বাড়ির ফজর আলী আব্দুল মালেকের বাড়ির বারান্দায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন। গত বৃহস্পতিবার রাতে চার্জ শেষে তিনি মাল্টিপ্লাগটি জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান। গতকাল শুক্রবার দুপুরে মাল্টিপ্লাগ খুলতে গিয়ে আব্দুল মালেক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী ও ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। ঘটনাটি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছয়দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎও নেই সেন্টমার্টিনে
পরবর্তী নিবন্ধরেললাইন থেকে এখনো কমেনি পানি