কর্ণফুলীতে দুদিনের ব্যবধানে দুই শিক্ষার্থী নিখোঁজ

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ও শিকলবাহা ইউনিয়নে মাত্র দুদিনের ব্যবধানে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পৃথক এ দুই ঘটনায় কর্ণফুলী থানায় দুই পরিবারের পক্ষ থেকে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীরা হলো চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ির মো. মহিউদ্দিনের ছেলে দিহান উদ্দিন (১৪) এবং শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সওদাগরের বাড়ির মো. বাহাদুরের ছেলে কামরুল ইসলাম বাপ্পি (১৪)। দিহান স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এবং বাপ্পি মাদ্রাসায় নাজেরা বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর কোনো সন্ধান মেলেনি দিহানের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পেয়ে পরিবার কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি করে।

অন্যদিকে দিহান নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২৯ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি বাপ্পি। তার পরিবারও পুলিশকে বিষয়টি জানিয়ে জিডি দায়ের করেছে। পরপর দুই কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, সহপাঠী ও গ্রামবাসীর দিন কাটছে গভীর উদ্বেগ ও আতঙ্কে।

এদিকে দিহানের জিডির তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন বলেন, নিখোঁজের পর থেকে তার কোচিং সেন্টারসহ পরিবারের সবার সাথে কথা বলেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বাপ্পিকে উদ্ধারে একই আশ্বাস দিয়েছেন জিডির তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই মো. কামাল হোসেন।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় দুটি পৃথক জিডি করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। নিখোঁজদের অবস্থান শনাক্ত ও তাদের দ্রুত উদ্ধারের জন্য মোবাইল ট্র্যাকিং এবং অন্যান্য তথ্যপ্রযুক্তির সহায়তায় জোর পুলিশি চেষ্টা চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগুপ্তছড়া চ্যানেলে কাদায় আটকে গেল সি-ট্রাক
পরবর্তী নিবন্ধহালদা নদী রক্ষায় সরকার সচেষ্ট