কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশে প্রভাবশালী চক্রের অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বোয়ালখালীর শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর থেকে কর্ণফুলী নদীর চর বেতাগী (নাজির চর) থেকে শুরু করে ওয়াসার ভাণ্ডালজুড়ি প্রকল্প পর্যন্ত এলাকায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিনরাত ২৪ ঘণ্টা শক্তিশালী ড্রেজার দিয়ে বালু তুলে পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি হুমকিতে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের শতকোটি টাকার তীর রক্ষা বাঁধ। ড্রেজারের কারণে বাঁধের ব্লক ও জিওব্যাগ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
কর্মসূচিতে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শরীফ, জ্যৈষ্ঠপুরার বাসিন্দা মোহাম্মদ আজিম উদ্দিন, মোহাম্মদ আলী ও কালু সওদাগর প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। গত ৩১ মার্চ গণস্বাক্ষর সংবলিত অভিযোগ জেলা প্রশাসক বরাবর দাখিল করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বসতবাড়ি রক্ষায় আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।














