কদমতলী মোড়ে ৩ ডাকাত গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালীর কদমতলী মোড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মুরাদনগরের মো. নুরনবী, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. আবু কালাম ও কুমিল্লার দেবিদ্ধারের মো. সাইফুল।

কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত দলের ৩ সদস্যের কাছ থেকে ছোরা, লোহার পাইপ ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা নগরীর ফলমন্ডি, কদমতলী বাজার ও রেয়াজুদ্দিন বাজারে আগত ব্যবসায়ী ও বিভিন্ন পথচারীদের জিম্মি করে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির জন্য কদমতলী মোড়ে জড়ো হয়েছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধক্যান্সার, কিডনিসহ ৬টি রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান