টি–টোয়েন্টি সিরিজে আজ চট্টগ্রামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজ শুরু হওয়ার আগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ওয়ানডে সিরিজ জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের। কারণ ওয়ানডে সিরিজ জয়ী দলের বেশিরভাগ ক্রিকেটার টি–টোয়েন্টি দলে আছেন। তাই এ সিরিজেও নিজেদের খুব ভালো সম্ভাবনা দেখছেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। তবে টি–টোয়েন্টিতে এই তেতো স্বাদ পেয়েছে আগেই, ২০২১ সালে। সেবার অবশ্য মিরপুরে স্পিন মঞ্চ সাজিয়েছিল বাংলাদেশ। এবার সেই পথে হাঁটছেন না লিটনরা। টি–টোয়েন্টিতেও স্পোর্টিং উইকেটে সফরকারীদের হারাতে চান তারা।লিটন গতকাল বলেন ‘শুধুমাত্র সিরিজ জিতেছি তা না, তিন ম্যাচেই খুব ভালো ক্রিকেট খেলেছি আমরা। এটা বাড়তি পাওয়া। অবশ্যই সংস্করণ ভিন্ন, আমাদের দল ভিন্ন এবং ওদের দলও ভিন্ন। একটা ভালো দিক, আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে ক্রিকেট খেলেছে। সবার ওই সিরিজ জয়ের আত্মবিশ্বাস আছে। তবে নির্দিষ্ট দিনে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’ লিটন তার সঙ্গীদের মনে করিয়ে দেন অস্ট্রেলিয়া বড় দল আর খেলা হবে ভিন্ন সংস্করণে। তাতে দলকে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তাই সতীর্থদের সেভাবেই প্রস্তুত হতে বলেন অধিনায়ক। ‘এই সংস্করণটাই কঠিন। সীমিত ওভারের সংস্করণের খেলায় যে কোনো দলই আক্রমণাত্মক মনোভাবে থাকে। আসলে যে কোনো দলই যখন ব্যাটিং–বোলিং করে, ওই মানসিকতা নিয়ে থাকে। অস্ট্রেলিয়া অবশ্যই বড় নাম। তারা তাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে। অবশ্যই আমরাও আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আমি আবারও বলছি, অবশ্যই যে কোনো দলের বিপক্ষে জিততে গেলে নির্দিষ্ট দিনে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে।’ এই ভালো ফলের জন্য লোয়ার মিডল অর্ডারের কাছে একটু ‘বাড়তি’ আশা করেন লিটন।












