এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ভোগান্তি লাঘব ও স্বস্তি নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গরম ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে নগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য প্যান্ডেল নির্মাণ, বসার সুব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল ও খাবার সরবরাহসহ নানা সহায়ক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবং খাজা গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সুবিধা–অসুবিধার খোঁজখবর নেন এবং চলমান সহায়তা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, পরীক্ষার্থীদের সফলতার পেছনে অভিভাবকদের ধৈর্য, ত্যাগ ও নিরবচ্ছিন্ন মানসিক সহায়তা অনস্বীকার্য। এই কঠিন তাপদাহে তাদের পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। চট্টগ্রাম মহানগর বিএনপি সবসময় জনগণের কল্যাণে নিবেদিত এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, বিএনপি নেতা মঞ্জুর রহমান চৌধুরী, তোহিদুর সামাদ, নিশাদ, দিদারুল আলম, শাহেদ বক্স, সাইমুন চৌধুরী, নুরুল আজম শিপুসহ নগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও নগরীর অন্যান্য পরীক্ষাকেন্দ্রসমূহে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে অভিভাবকদের সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করেন। এই মানবিক সহায়তা কার্যক্রম পরীক্ষাকালীন পুরো সময়জুড়ে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।














