এপ্রিল সেরার দৌড়ে বাংলাদেশের রানা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে এপ্রিলের সেরার দৌড়ে আছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তার সাথে মাস সেরার লড়াইয়ে মনোনীত হয়েছেন ওমানের ব্যাটার জতিন্দার সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমার। গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, শ্রীলংকার ইমেশা দুলানি ও ব্রাজিলের লরা কার্দোসা। আইসিসি গতকাল গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।

গেল মাসে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ওয়ানডে খেলেছেন রানা। তিন ম্যাচে ১৬ দশমিক ৭৫ গড় ও ওভার প্রতি ৪ দশমিক ৪৬ রান দিয়ে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নেন তিনি। দুর্দান্ত বোলিং পারফরমেন্সে সিরিজ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রানা।

প্রথম ওয়ানডেতে ৬৫ রানে ১, দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন রানা। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৭ রানে ২ উইকেট নেন রানা। রানার দুর্দান্ত বোলিং পারফরমেন্সের উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। এমন বোলিং নৈপুণ্যে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ১৬ ধাপ উন্নতি হয় রানার। ৪৮১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে ৪৮তম স্থানে ওঠেন তিনি। এবার মাস সেরা খেলোয়াড় হবার সুযোগ রানার সামনে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবলের ফাইনালে রাঙ্গুনিয়া অলস্টার
পরবর্তী নিবন্ধ২৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মোমিনুল-শান্ত