এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে এলো আরেকটি জাহাজ

লাইটারিং শুরু, এক লাখ টনের আরেকটি জাহাজ যাত্রা করবে ৫ জুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ মে, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল সকাল থেকে জাহাজটি থেকে ক্রুড অয়েল লাইটারিং করে ইস্টার্ন রিফাইনারিতে আনার কার্যক্রম শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এমটি ফসিল নামের অয়েল ট্যাংকার এই ক্রুড বহন করে এনেছে। অপরদিকে আগামী ৫ জুন সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড নিয়ে অপর একটি জাহাজ চট্টগ্রামের পথে যাত্রা করার কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ক্রুড অয়েল পরিবহনের বিষয়টি পুরোপুরি দেখভাল করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। গতকাল বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক দৈনিক আজাদীকে বলেন, ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন ক্রুড নিয়ে এমটি ফসিল নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে গেছে। ইতোমধ্যে এই জাহাজ থেকে ক্রুড অয়েল লাইটারিং করে ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া শুরু হয়েছে। আগামী ৮১০ দিনের মধ্যে এই জাহাজের সব ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছে যাবে। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে জাহাজটি থেকে তেল লাইটারিং (ছোট জাহাজে স্থানান্তর) শুরু হয় বলে জানান তিনি।

রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শরীফ হাসনাত বলেন, আমদানিকৃত ক্রুড অয়েল রিফাইনারির ট্যাংকে জমা হচ্ছে। ইস্টার্ন রিফাইনারিতে পুরোদমে উৎপাদন চলছে জানিয়ে তিনি বলেন, এখন আর রিফাইনারিতে ক্রুডের কোনো সংকট নেই।

এর আগে ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রামে পৌঁছে। ওই ক্রুড পৌঁছার পর ইস্টার্ন রিফাইনারি ৮ মে থেকে পুরোদমে উৎপাদন চলছে।

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধিত তেল আসা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে অপরিশোধিত তেলের সংকট দেখা দিলে ১৪ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম অনেকটা বন্ধ হয়ে যায়। ‘এমটি নিনোনিয়া’ ক্রুড নিয়ে পৌঁছার পর ইস্টার্ন রিফাইনারি আবার পুরোদমে উৎপাদন চালাচ্ছে। নতুন করে এক লাখ টন ক্রুড আসায় ইস্টার্ন রিফাইনারি ক্রুডের সংকটে পড়ার শঙ্কা নেই বলে সূত্র জানায়।

বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক বলেন, আগামী ৫ জুন সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড নিয়ে অপর একটি জাহাজ চট্টগ্রামের পথে যাত্রা করবে। জাহাজটি ২১ জুন চট্টগ্রামে পৌঁছাবে। এতে করে আগামী অন্তত তিন মাস দেশে ক্রুডের কোনো সংকট থাকবে না।

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বা সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চট্টগ্রামে আসতে হরমুজ প্রণালি ব্যবহার করতে হয় না বলে উল্লেখ করে সূত্র বলেছে, এসব জাহাজ ওমান উপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগরে পৌঁছাবে। হরমুজ প্রণালিতে বিরাজমান উত্তেজনার সাথে চট্টগ্রামে ক্রুড পৌঁছার ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই।

অপরদিকে হরমুজ প্রণালির বিরাজমান পরিস্থিতিতে আটকা পড়া বিপিসির এক লাখ টন ক্রুডবাহী এমটি নরডিক্স পল্যাক্স জাহাজটিকে নিয়ে আসার চেষ্টা চলছে বলে কমডোর মাহমুদুল মালেক জানান। বিপিসির কর্মকর্তারা বলেন, ইস্টার্ন রিফাইনারি পুরোদমে উৎপাদন চালাচ্ছে। এখন ক্রুডের কোনো সংকট নেই। নতুন করে আরো এক লাখ টন ক্রুড নিয়ে জাহাজ যাত্রা করবে। দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে বছরে ১৫ লাখ টনের বেশি ক্রুড পরিশোধন করে ডিজেল, পেট্রোল, ফার্নেস অয়েল, জেট ফুয়েল, এলপিজিসহ ১৩ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন করা হয়। ইস্টার্ন রিফাইনারি দেশের ২০ শতাংশ জ্বালানি তেলের চাহিদা মেটায়। বাকি তেল পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চেম্বার নির্বাচন আজ
পরবর্তী নিবন্ধপাইকারিতে ডিমের দাম কমলেও প্রভাব নেই খুচরায়