নগরীর ডবলমুরিং ঈদগাঁও মনসুরাবাদ এলাকায় পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. শাহনাজ প্রকাশ মো. সেনাজ উদ্দিন। তিনি নোয়াখালী জেলার হাতিয়ার চরফকিরা দক্ষিণ সোনাদিয়া এলাকার বাসিন্দা।
রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন না জানিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী এমদাদুল হক মিলন দৈনিক আজাদীকে বলেন, পলাতক থাকায় সেনাজ উদ্দিনের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৯ নভেম্বর ডবলমুরিং থানাধীন ঈদগাঁও মনসুরাবাদ এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পতিতাবৃত্তির অভিযোগে সেনাজ উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। অপরজন হলেন মো. আকরাম হোসেন। পরে চার্জশিট দাখিল হলে বিচারক তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বেঞ্চ সহকারী জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. আকরাম হোসেনকে খালাস দিয়েছেন বিচারক।














