অডিও প্রযোজনার প্রচলিত বাজার যখন ক্রমেই সংগীতের জগৎ থেকে মুখ ফিরিয়ে নাটক, ওয়েব কনটেন্ট ও দৃশ্যনির্ভর বিনোদনের বিস্তৃত পরিসরে ধাবিত হচ্ছে, ঠিক সেই সন্ধিক্ষণে বাংলা গানের প্রতি দায়বদ্ধতা থেকে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ব্যতিক্রমী উদ্যোগের সূচনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। খবর বাংলানিউজের।
গানের মায়াবী ভুবনকে নতুন করে সমৃদ্ধ করার প্রত্যয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্পীকে নিয়ে শুরু করেছে একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ। এই উদ্যোগ যেন হারিয়ে যেতে বসা সুরের ভুবনে ফিরে যাওয়ার এক নান্দনিক অভিযাত্রা। সেই ধারাবাহিকতার প্রথম অধ্যায় হিসেবে শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ডিএমএসের বিশেষ নিবেদন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝলো না’। নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে ভিন্ন স্বাদের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছেন কাজী শুভ।













