কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল নিজের ক্যারিয়ারে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে প্লেব্যাকে ধারাবাহিকভাবে গান গেয়ে সফলতা পেয়েছেন কোনাল। বর্তমানে স্টেজ শো ও সিনেমা–নাটকের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী। কাছাকাছি সময়ে রেকর্ড হওয়া গানগুলোর একটি সিনেমার, একটি ধারাবাহিকের ও তিনটি খণ্ড নাটকের। পাঁচটি গানেই ভিন্ন আঙ্গিকের কোনালকে পাওয়া যাবে। এর মধ্যে সমপ্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত তিনটি নাটকের তিনটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা। পরিচালকের ২৫ বছরের নির্মাণ পূর্তি উপলক্ষে সমপ্রতি প্রকাশ্যে এসেছে নাটক তিনটি। এর মধ্যে ‘জোছনায় ফেরা’ ও ‘বিষণ্ন মেঘ’ নাটক দু’টির দুই গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এই দু’টি গানেই তার সহশিল্পী রেজোয়ান শেখ। সুর ও সংগীতায়োজনে রেজোয়ান। অন্যদিকে, চয়নিকার ‘সময় একটু থামো’ নাটকেও একটি গান গেয়েছেন কোনাল। এখানে তার সহশিল্পী আভ্রাল সাহির। সুর ও সংগীতও আভ্রালের। এর বাইরে সমপ্রতি ‘বকুলপুর সিজন–৩’ ধারাবাহিকের জন্য ‘বকুলপুরের রানী’ শীর্ষক একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নাটকের বাইরে সমপ্রতি শওকত আলী ইমনের সুর ও সংগীতে একটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন শিল্পী। সিনেমার নাম ‘গ্রুমিং বিদ্যাপীঠ’।












