সাত মাস বয়সী দুই জমজ কন্যাশিশুর নিথর দেহ পড়েছিল একটি কক্ষে। অপর কক্ষে ঝুলছিল তাদের বাবস জাহেদুল ইসলামের (৪৮) মরদেহ। মরদেহের পাশেই মিলেছে একটি চিরকুট। যেখানে তাদের তিনজনের মৃত্যুর জন্য নিজের শাশুড়িকে দায়ী করেছেন জাহেদুল।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহেদুল ইসলাম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাসিন্দা। তিনি বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক আজাদীকে জানান, বিকেল ৩টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জমজ শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি জাহেদুল ইসলামের সঙ্গে পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের মেয়ে আফিয়া সোলতানার বিয়ে হয়। তাঁদের সংসারে সাত মাস আগে জমজ দুই কন্যাসন্তানের জন্ম হয়। জাহেদুলের এটি দ্বিতীয় বিয়ে ছিল।
স্থানীয়রা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পাশের কক্ষ থেকে তাঁর সাতমাস বয়সী দুই কন্যাশিশু জারিন জান্নাত ও জাসিয়া জান্নাতের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
জাহেদুলের স্ত্রী আফিয়া সোলতানা আজাদীকে জানান, শুক্রবার একটি মানত পালন করতে সন্তানদের বাড়িতে রেখে তিনি নাপোড়ার ভিলেজারপাড়া এলাকার মসজিদে যান। পরে ঘটনার খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই শিশুর মুখে ফেনা ছিল এবং তাঁর স্বামীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক আজাদীকে জানান, দুই জমজ শিশুসহ তাদের পিতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
ওসি আরও জানায়, শিশুদের লাশের পাশে জাহেদের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে লেখা ছিল আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী। তার কাছ থেকে ২৬ হাজার টাকা পাব।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহেদ আত্মহত্যার আগে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। যে কক্ষে জাহেদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেটির দরজা ভেতর থেকে হুক লাগানো ছিল। দরজার পাশের বেড়া কেটে হুক খুলে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় ঘরের চালার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জাহেদকে এবং একই কক্ষের খাটের পাশে মাটিতে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।












