উচ্ছেদের পর পুনর্দখল নিয়ে উদ্বেগ

সঠিক কর আদায় ও চসিকের আর্থিক সক্ষমতা বাড়ানোয় গুরুত্ব সমন্বয় সভায় পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসকের অসন্তুষ্টি, তিন মাসের সময় নির্ধারণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বন্দরকেন্দ্রিক কন্টেনার ডিপো ও টার্মিনালের রাজস্ব পরিস্থিতি যাচাই এবং প্রযোজ্য পৌরকর নির্ধারণ ও আদায়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগকে নির্দেশ দিয়েছেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিসিক শিল্প এলাকায় বিদ্যমান কারখানাগুলোর কয়টি পৌরকর পরিশোধ করছে না তার নির্ভুল তথ্য উপস্থাপনেরও নির্দেশ দেন। এছাড়া সিমেন্ট ক্রসিং থেকে বোট ক্লাব হয়ে দেওয়ানহাট পর্যন্ত সড়কটি আরসিসি পদ্ধতিতে উন্নয়নের জন্য বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের নির্দেশ দেন। গতকাল রোববার টাইগারপাস নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে পরিচ্ছন্নতা বিভাগ, প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ নির্দেশনা দেন। সভায় বক্তব্য রাখেন চসিকের সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডা. শাহাদাত নগরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল এবং উচ্ছেদের পর পুনরায় দখল হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া পরিচ্ছন্ন কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সভায় বন্দরকেন্দ্রিক ভারী যানবাহন চলাচলের কারণে শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলোর ক্ষয়ক্ষতি এবং সাম্প্রতিক বৃষ্টিতে কয়েকটি ফ্লাইওভারের ওপর পানি জমে থাকার বিষয়ে আলোচনা হয়। চসিকের আর্থিক সক্ষমতা বাড়াতে নিজস্ব সম্পত্তির যথাযথ ব্যবহার এবং বাণিজ্যিক স্থাপনার উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

কন্টেনার ডিপো ও টার্মিনাল প্রসঙ্গ : বন্দরকেন্দ্রিক প্রায় ৩৬টি কন্টেনার ডিপো ও টার্মিনালের রাজস্ব পরিস্থিতি যাচাই এবং প্রযোজ্য কর নির্ধারণ ও আদায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রয়োজনে পুনর্মূল্যায়ন করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বকেয়া রাজস্ব আদায় করতে হবে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে কেন্দ্র করে পরিচালিত বেসরকারি কন্টেনার ডিপো ও টার্মিনালগুলোর হোল্ডিং ট্যাক্সসহ প্রযোজ্য রাজস্ব আদায়ের বিষয়ে বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে অসংখ্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের ভারী যানবাহন প্রতিদিন নগরীর সড়ক ব্যবহার করছে। এতে সড়কের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে। অথচ কোনো প্রতিষ্ঠান যদি আইন অনুযায়ী প্রাপ্য রাজস্ব পরিশোধ না করে, তাহলে নগরীর উন্নয়নের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। নগরবাসীর প্রাপ্য সেবা নিশ্চিত করতে হলে নিজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। কোনো প্রতিষ্ঠানকে অন্যায় সুবিধা দেওয়া হবে না, আবার কারো ওপর অন্যায্য চাপও সৃষ্টি করা যাবে না। আইন অনুযায়ী প্রত্যেকের প্রাপ্য কর আদায় নিশ্চিত করতে হবে।

সড়ক উন্নয়নে ডিপিপি প্রসঙ্গ : শাহাদাত বলেন, ভারী কন্টেইনারবাহী যানবাহনের চাপ বিবেচনায় গুরুত্বপূর্ণ সড়কগুলো টেকসই পদ্ধতিতে নির্মাণ করতে হবে, যাতে বারবার সংস্কারের প্রয়োজন না হয়। বন্দরকেন্দ্রিক ভারী যানবাহন চলাচলের কারণে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ক্ষয়ক্ষতির প্রসঙ্গ টেনে সিমেন্ট ক্রসিং থেকে বোট ক্লাব হয়ে দেওয়ানহাট পর্যন্ত সড়ক উন্নয়নের জন্য ডিপিপি তৈরির নির্দেশনা দেন তিনি। এতে কুয়াইশ–অঙিজেন সড়কের উন্নয়নের বিষয়টিও প্রকল্প পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

এছাড়া বিমানবন্দর সড়ক, বোট ক্লাব থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন এবং সিটি গেট এলাকায় নগরীর প্রবেশপথ দৃষ্টিনন্দন করার বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

বিসিক থেকে রাজস্ব আদায় : সভায় রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান, বিসিক শিল্প এলাকার বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত রাজস্ব আদায় করা যাচ্ছে না। তখন শাহাদাত বলেন, বিসিক শিল্প এলাকায় প্রায় ২৪৬টি কারখানা রয়েছে। শিল্পকারখানাগুলো নগরীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু তাদের উৎপাদিত বর্জ্য অপসারণ, সড়ক ও নালা রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকেও ব্যয় করতে হয়। কাজেই প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রযোজ্য কর ও সেবামাশুল পরিশোধ করতে হবে। আপনারা সঠিক তথ্য সংগ্রহ করুন। কতটি নিয়মিত কর ও সেবামাশুল পরিশোধ করছে, কতটি করছে না এবং কী পরিমাণ রাজস্ব বকেয়া রয়েছে, সে বিষয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। প্রয়োজনে শিল্পমালিকদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে।

পরিচ্ছন্নতা নিয়ে অসন্তুষ্টি, তিন মাসের সময় নির্ধারণ : নগরের বর্তমান পরিচ্ছন্ন কার্যক্রম অসন্তুষ্টি প্রকাশ করেন ডা. শাহাদাত। ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে তিন মাসের সময়সীমা নির্ধারণ করে দেন তিনি। বহদ্দারহাট, চান্দগাঁও, মোহরা ও কালুরঘাটসহ নগরীর বিভিন্ন এলাকার সড়কদ্বীপে জমে থাকা ময়লা অপসারণেরও নির্দেশ দেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকা, বিসিক শিল্প এলাকা ও বায়েজিদ বোস্তামী এলাকার বায়েজিদ সিগন্যালসংলগ্ন শিল্পাঞ্চলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে বলেন।

তিনি বলেন, শিল্পকারখানা থেকে উৎপন্ন বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। শিল্পাঞ্চলের নালা ও সড়ক পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমি চাই আগামী এক বছরের মধ্যে নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থায় এমন পরিবর্তন আসুক, যা সাধারণ মানুষ নিজের চোখে দেখতে পাবে।

প্রশাসক বলেন, যে এলাকায় পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া হবে, সেখানে নিয়মিত কাজ হচ্ছে কি না, কোথায় ময়লা জমছে, কোথায় নালা পরিষ্কার করা প্রয়োজন–এসব বিষয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেই দেখতে হবে। তিন মাস পর আমি ওই এলাকার পরিচ্ছন্নতার বাস্তব পরিবর্তন দেখতে চাই।

উচ্ছেদের পর পুনর্দখল, উদ্বেগ : ফুটপাত দখল এবং উচ্ছেদের পর পুনরায় দখল হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চসিকের প্রশাসক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন। বলেন, একদিন অভিযান চালিয়ে চলে এলে হবে না। কয়েকদিন পর আবার সেখানে দোকান বসছে কি না, সেটিও দেখতে হবে। প্রয়োজনে সপ্তাহে একাধিকবার অভিযান পরিচালনা করতে হবে। প্রতিটি অঞ্চলে নিয়মিত তদারকি থাকলে পুনর্দখলের প্রবণতা কমে আসবে। ফুটপাতের বিষয়ে কোনো আপস করা যাবে না।

তিনি নিউ মার্কেট, জামালখান, দেওয়ানবাজার ও অন্যান্য ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন। দেওয়ানবাজার এলাকায় মাছ বিক্রেতাদের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার পরিবর্তে নির্ধারিত দোকানের ভেতরে ব্যবসা করার ব্যবস্থা নিশ্চিত করতে বলেন। এছাড়া সড়কের পাশে ব্যবসা পরিচালনাকারীদের নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারে বাধ্য করা, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শিল্প এলাকার নালার অবস্থা সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজন অনুযায়ী খনন ও পরিষ্কারের ব্যবস্থা গ্রহণের জন্য প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগকে নির্দেশ দেন।

অন্যান্য : সাম্প্রতিক বৃষ্টিতে কয়েকটি ফ্লাইওভারের ওপর পানি জমে থাকার বিষয়টি উল্লেখ করে শাহাদাত বলেন, পানি নিষ্কাশনের পথগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তিনি নগরের সড়কে উন্নয়নকাজের মাটি ও নির্মাণসামগ্রী দীর্ঘদিন ফেলে না রেখে দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি।

প্রশাসক বলেন, ফুটপাতে টাইলস লাগানো কিংবা সড়ক সংস্কারের সময় কোনোভাবেই পানি নিষ্কাশনের পথ বন্ধ করা যাবে না। উন্নয়নকাজ করতে গিয়ে ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী সময়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে। প্রকৌশলীদের এসব বিষয়ে আরও সতর্ক হতে হবে। তিনি মাঠপর্যায়ে রোড সুপারভাইজারদের কার্যক্রম জোরদার এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নিয়মিত পরিদর্শনের নির্দেশ দেন।

সভায় চসিকের আর্থিক সক্ষমতা বাড়াতে নিজস্ব সম্পত্তির যথাযথ ব্যবহার এবং বাণিজ্যিক স্থাপনার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সুগন্ধা, বিবিরহাটসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পুরনো মার্কেটের উন্নয়ন, নতুন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ এবং বিদ্যমান সম্পত্তি থেকে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, যেসব মার্কেট পুরোনো হয়ে গেছে এবং পর্যাপ্ত রাজস্ব দিচ্ছে না, সেগুলো পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে। তিনি ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

বৃক্ষরোপণ প্রসঙ্গে বলেন, সড়কদ্বীপে অনেক গাছ পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও পানি দেওয়া হচ্ছে না, কোথাও গাছের চারপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। আমি চাই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করবেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমি চাই প্রতিটি বিভাগ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক এবং কাজের মাধ্যমে নগরবাসীর কাছে তার ফলাফল তুলে ধরুক। শুধু পরিকল্পনা গ্রহণ করলে হবে না, পরিকল্পনার বাস্তবায়ন ও নিয়মিত তদারকিও নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচলতি মৌসুমে সংগ্রহ হবে সাড়ে ৮ লাখ টন ধান-চাল