ইস্পাহানি–মাস্টার্স টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয়েছে নাইন্টিজ উইলোজ। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম মাস্টার্সকে তারা ৬৮ রানের বড় ব্যবধানে হারায়। চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নাইন্টিজ উইলোজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। দলের ইকবাল হোসেন ৪৭ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৬ রানের ইনিংস খেলেন। এছাড়া সবুজ ৪৩ এবং লিপন কুমার ৩২ রান করেন। বল হাতে চিটাগাং মাস্টার্সের অধিনায়ক নাঈম উদ্দিন ২টি, নাজমুল, আরিফিন, নবাব ও পিপলু ১টি করে উইকেট নেন। ১৮৮ রান তাড়া করতে নেমে চিটাগাং মাস্টার্স প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের পক্ষে জাহেদুল ইসলাম সর্বোচ্চ ৫৪, রাইসুর অপরাজিত ১৭ রান করেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। রাশেদ ও পিটার ৩টি করে উইকেট নেন। ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন নাইন্টিন উইলোজের ইকবাল হোসেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি টি ট্রেডের জেনারেল ম্যানেজার শাহ মঈনুদ্দিন হাসান। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি টি ট্রেডের সিনিয়র ম্যানেজার তাসবির হাকিম এবং ইস্পাহানি টি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. ফাতেহ আমিন তারেক। এ সময় উপস্থিত ছিলেন এস এম গিয়াসউদ্দিন, আলী হাসান রাজু, আবদুল হান্নান আকবর, জয়নাল আবেদীন, আরফানুল ইসলাম খান লাবু, আজিজুল হক বুলবুল, ওমর ফারুক, মোহাম্মদুল ইসলাম, আলী আকবর প্রমুখ।











