ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশে অন্তত ২৫ নাবিক নিহত

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন; জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে পশ্চিম এশিয়া, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি ১১ নভেম্বর পর্যন্ত নিহতদের এই পরিসংখ্যান তুলে ধরেন। খবর বিডিনিউজের।

অঞ্চলটিতে নৌ–চলাচল পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান জানিয়ে খিয়ারি বলেন, ‘এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক বাস্তবতা (নিউ নরমাল) হতে দেওয়া যায় না।’ তিনি জানান, হরমুজ প্রণালি ও এর আশপাশে নিরাপত্তাজনিত ঘটনা ক্রমেই বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে অক্টোবরে সবচেয়ে বেশি এ ধরনের ঘটনা ঘটেছে। জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও) ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর পশ্চিম এশিয়ায় জাহাজসংশ্লিষ্ট ১৩৬টি নিরাপত্তাজনিত ঘটনা নথিভুক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে অক্টোবরে ৩৫টি এবং নভেম্বরে ১০টি ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধচীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি