জেট ফুয়েলের আকাশচুম্বী দাম ও হোয়াইট হাউসের বেলআউট পরিকল্পনা ভেস্তে যাওয়ায় কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সস্তায় ভ্রমণের জন্য খ্যাত মার্কিন ক্যারিয়ার স্পিরিট এয়ারলাইনস। খবর বিডিনিউজের।
শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ভোররাত থেকে সব ফ্লাইট বাতিল করে দিয়েছে তারা। এ কারণে মার্কিন প্রশাসন এয়ারলাইনসটির টিকেট কাটা যাত্রীদের বিমানবন্দরে না যেতে অনুরোধ করেছে। আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ১ মে থেকে ১৫ মে’র মধ্যে স্পিরিটের ৪ হাজার ১১৯টি অভ্যন্তরীণ ফ্লাইট ঠিক করা ছিল। এসব ফ্লাইটে আসন ছিল প্রায় ৮ লাখ ১০ হাজার। দুই মাসের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে বিমানের জ্বালানির (জেট ফুয়েল) দাম এপ্রিলের শেষ দিকে প্রতি গ্যালন ৪.৫১ ডলারে ঠেকে। স্পিরিট তাদের পুনর্গঠন পরিকল্পনায় এ বছর জ্বালানির দাম ধরেছিল সর্বোচ্চ ২ দশমিক ২৪ ডলার।
ঋণদাতাদের সাথে করা একটি চুক্তির আওতায় এয়ারলাইনসটি এবারের বসন্তের শেষদিকে বা গ্রীষ্মের শুরুতে দ্বিতীয়বার দেউলিয়া হওয়া থেকে বেরিয়ে আসার চেষ্টায় ছিল। কিন্তু ইরান যুদ্ধ জ্বালানি দাম বাড়িয়ে দেওয়ায় তা সম্ভব হল না। প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারলাইনসটিকে বাঁচাতে ৫০০ মিলিয়ন ডলারের বেলআউট প্রস্তাব করেছিলেন কিন্তু তার উপদেষ্টা ও কংগ্রেসের রিপাবলিকানদের বিরোধিতায় সেটি ব্যর্থ হয়। ট্রাম্প পরে জানান, আমাদের স্বার্থ আগে, শুধু ভালো চুক্তি হলেই আমরা এগিয়ে আসতাম।













