ইরানের অগোচরে নিঃশব্দে বহু জাহাজকে হরমুজ পার করাচ্ছে মার্কিন বাহিনী

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচন থমকে থাকার মধ্যেই হরমুজ প্রণালিতে নিঃশব্দে কাজ করে চলেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এখনও ঝুঁকিপূর্ণ হয়ে থাকা ওই জলপথ দিয়ে ইরানের অজ্ঞাতসারে গত তিন সপ্তাহে প্রায় ৭০টি জাহাজ পার করিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টাল কমান্ড। খবর বিডিনিউজের। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইম্‌স খবর জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, পারস্য উপসাগর থেকে হরমুজে প্রবেশ এবং হরমুজ থেকে পারস্য উপসাগরে বেরিয়ে যাওয়ার জন্য মার্কিন বাহিনীর সাহায্য নিয়েছে প্রায় ৭০টি জাহাজ। এদের মধ্যে বেশিরভাগ জাহাজই হরমুজ পার হওয়ার সময় সংকেত গ্রহণ ও পাঠানোর বৈদ্যুতিক যন্ত্র ট্রান্সপন্ডার বন্ধ করে রেখেছিল। এটি বন্ধ থাকায় ইরানের বাহিনী হরমুজে জাহাজগুলোর উপস্থিতি টের পায়নি। তবে কোন কোন জাহাজ ইরানের নজর এড়িয়ে হরমুজ প্রণালি পার হয়েছে, কোথা থেকে কোন দিকে সেগুলো গেছে সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কিছু জানাতে চাননি। একজন কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, জাহাজগুলো হরমুজ পেরোনোর অন্তত একটি পথ ইরানের উপকূলের খুব কাছে ছিল। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের উপকূলের কাছ দিয়ে তাদের না জানিয়ে বা অনুমতি না নিয়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের কয়েক ঘণ্টা পরই হেলিকপ্টার দুর্ঘটনায় তরুণ পাইলটের মৃত্যু
পরবর্তী নিবন্ধইসরায়েল-লেবানন উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা প্রস্তাব