ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত রাতে দক্ষিণ হালিশহর মাদ্রাজীশাহ পাড়া এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সচেতনত যুব সমাজের সহযোগিতায় ইপিজেড থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাজীশাহ পাড়া আবুল খায়ের গলি সংলগ্ন ‘সাগর ভিলা’র চতুর্থ তলায় অভিযান চালায়।
এ সময় ওই ভবনের একটি কক্ষ থেকে মোহাম্মদ নিজাম ওরফে নেজাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটকের পর নিজামের দেহ তল্লাশি করে ২০০ পিস এবং তার ঘরের আলমারি থেকে আরও ২০০০ পিসসহ মোট ২,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া ঘর থেকে ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৭০,৭২০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
গ্রেফতার নিজাম ওই এলাকার মমতাজ কলোনির আহম্মদ কবিরের ছেলে। সে বর্তমানে সাগর ভিলার ওই কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
ইপিজেড থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।














