এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ৮:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় এ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় এ্যাম্বুলেন্সে থেকে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এসব ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে ধারণা।

মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে একটি কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ এ্যাম্বুলেন্স গাড়ির নম্বর চট্টমেট্টো ছ ৭১-১২৬৫।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং মো. আফসার (৩৩)। তারা দুজনই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির এসআই কাজী মনিরুল করিমসহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল।

পুলিশ ওসি আফতাব উদ্দিন জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচারকারীরা এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় এসব মাদক পাচার করছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীর সেই আলোচিত ডিসি মাসুদ এখন চট্টগ্রামের নতুন এসপি
পরবর্তী নিবন্ধইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১