ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক সংগঠনের লেজুড়বৃত্তি করবে না

চবিতে আব্দুল্লাহ আল জাবের

চবি প্রতিনিধি | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, শহীদ ওসমান হাদির লড়াই ছিল বাংলাদেশে সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই লড়াই আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। এক কথা বলে দিতে চাই, ইনকিলাব মঞ্চ কখনও কোনো রাজনৈতিক সংগঠনের লেজুড়বৃত্তি করবে না। গতকাল রোববার দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত “সাংস্কৃতিক আধিপত্যবাদ ও ওসমান হাদির লড়াই” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে আব্দুল্লাহ আল জাবের বলেন, “আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদি যেই লড়াই শুরু করেছেন সেটা আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। এক্ষেত্রে ইনকিলাব মঞ্চ সবসময় কাজ করে যাবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের চারপাশে ভারত ঘিরে আছে। এদেশের আধিপত্যবাদের বিষয়ে কথা বলতে গেলেই ভারতের প্রসঙ্গ চলে আসে। আমরা ভারত বিদ্বেষী নই, বরং ভারতের আধিপত্যশীল রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান। কেবল ভারত নয়, চীন, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা কোনো রাষ্ট্রের আধিপত্য এদেশের মাটিতে মেনে নেওয়া হবে না।” সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শহীদুল হক, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার, ইনকিলাব কালচারাল সেন্টারের ফাহিম আব্দুল্লাহ, সাংস্কৃতিক কর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ফজলে রাব্বি সরকার। সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব।

পূর্ববর্তী নিবন্ধছয় শতাধিক মানুষের মাঝে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে শরবত বিতরণ
পরবর্তী নিবন্ধমানব সেবা ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ