ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অনুষ্ঠানের মূল মঞ্চটি নির্মাণ করা হয়েছে বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে। খবর বাংলানিউজের। ইত্যাদির ধারণকে ঘিরে পুরো জামালপুর জেলাজুড়েই ছিল উৎসবের আবহ। বরাবরের মতোই স্থানীয় জেলা প্রশাসনের তত্ত্বাবধানেই দর্শকদের মাঝে বিতরণ করা হয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। অনুষ্ঠানটি বকশীগঞ্জে আয়োজিত হলেও শুধু উপজেলাই নয়, জেলার দূর–দূরান্তের বিভিন্ন উপজেলা, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও নানা বয়সের হাজারো মানুষ ছুটে আসেন তাদের প্রিয় অনুষ্ঠান উপভোগ করতে। এবারের পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই ও তসিবা বেগম, টেলিভিশন পর্দায় যাদের প্রথম আবির্ভাব ঘটেছিল ইত্যাদির মাধ্যমে। এবারও অন্তর্ভুক্ত করা হয়েছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। দ্বৈতকণ্ঠে গেয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। যাদের বাড়িও জামালপুরে। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। নৃত্য পরিচালন করেছেন এস কে জাহিদ। ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন। ইত্যাদির পর্বটি আগামী ২৫ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি













