পায়ের গভীর ক্ষত থেকে ঝরছে পুঁজ, প্রতিটি পদক্ষেপে অসহ্য যন্ত্রণা। ঠিকমতো পা ফেলতেও পারছে না। তবু তাকে একা ফেলে যায়নি তার সঙ্গী। অসুস্থ হাতিটির পাশে পাশে ঘুরছে আরেকটি সুস্থ হাতি। যেন বিপদের দিনে সঙ্গীকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারছে না সে। টেকনাফের বাহারছড়ায় দুই হাতির এমন দৃশ্য দেখে আবেগাপ্লুত স্থানীয় বাসিন্দারা।
গত কয়েক দিন ধরে টেকনাফের বাহারছড়ার অন্যতম দর্শনীয় স্থান জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে সঙ্গীসহ হাতি দুটিকে লোকালয়ে দেখতে পান স্থানীয়রা। তাদের ভাষ্য, অসুস্থ হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে গিয়ে জায়গাটি সাদা হয়ে গেছে। আঘাতের তীব্রতায় হাতিটি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছে না।
স্থানীয়দের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের কারও গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী কারণে হাতিটিকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয় হলো, অসুস্থ হাতিটির এই দুর্দিনেও তাকে ছেড়ে যায়নি তার সঙ্গী। চলাফেরার সময় সুস্থ হাতিটিকে বারবার আহত হাতিটির পাশে থাকতে এবং তাকে সহযোগিতা করতে দেখা যাচ্ছে। যন্ত্রণায় কাতর হাতিটি যখন পা ফেলতে পারছে না, তখনো তার সঙ্গী কাছাকাছি অবস্থান করছে। নির্বাক এই দুই প্রাণীর এমন দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়ছেন স্থানীয়রা।
মানুষের মতো কথা বলতে পারে না তারা, জানাতে পারে না মনের কষ্ট। কিন্তু বিপদের মুহূর্তে একে অপরের পাশে থাকার দৃশ্য যেন নীরবেই বলে দিচ্ছে সঙ্গের মূল্য কতটা গভীর। একটি প্রাণী যখন অসহায়, তখন আরেকটি প্রাণী তাকে ছেড়ে যায়নি—এই দৃশ্য স্থানীয়দের মনে গভীর মমতা ও সহানুভূতির জন্ম দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে আহত হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ও তাঁর টিম দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
এখন বাহারছড়ার মানুষের একটাই চাওয়া—যে হাতিটি বিপদের দিনে তার সঙ্গীকে ছেড়ে যায়নি, সেই হাতিটিকে যেন মানুষও অবহেলায় ফেলে না রাখে। দ্রুত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠুক সে। আবারও ফিরে পাক স্বাভাবিক চলাফেরার শক্তি। আর তার পাশে থাকা সঙ্গীটির সঙ্গে ফিরে যাক পাহাড়ের চেনা জীবনে।











