আলীকদমে এক ইউপি চেয়ারম্যান ও তিন মেম্বার বরখাস্ত

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৪ প্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এরা হলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাকের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন। গত রোববার জারি করা স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম২০২৫ উপলক্ষে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র প্রদান, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া ও অসম্পূর্ণ তথ্যসংবলিত প্রত্যয়নপত্র ইস্যু করে ভোটার তালিকাভুক্তিতে সহায়তা এবং ক্ষমতার অপব্যবহারসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা প্রশাসনিকভাবে পাওয়া গেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে তার দায়িত্বে বহাল থাকা প্রশাসনিকভাবে সমীচীন নয়। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের বিরুদ্ধেও আইন অনুযায়ী একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি অভিযুক্তদের ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, এটি সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত নয়। তাদের ১০ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। এখনো কাউকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। জেলা প্রশাসক যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক
পরবর্তী নিবন্ধহামলার ঘটনায় এখনো গ্রেপ্তার নেই জড়িতদের শনাক্তে কাজ চলছে : পুলিশ