আর্জেন্টিনাকে হারানোর ‘সহজ পথ’ জানা টুখেলের!

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দুইয়ে দুইয়ে চার মেলানো যেমন সহজ, আর্জেন্টিনাকে আটকে দেওয়া তেমনই সহজ! বিস্ময়কর শোনাতে পারে, কিন্তু, ইংল্যান্ড কোচ টমাস টুখেল নিজেই বলেছেন, বিশ্ব চ্যাম্পিয়নদের অনায়াসে হারানোর পথটা জানা আছে তার।

কী সেই পথ? সেটাও কোনো রাখঢাক না করে জানিয়ে দিয়েছেন টুখেল। নরওয়ের বিপক্ষে ঘাম ঝরানো ২১ গোলের জয়ের পর এই জার্মান কোচ বলেন, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম তার সেই ‘অস্ত্র’। ‘যদি আমরা আর্জেন্টিনাকে হারানোর উপায়টা বলি, তাহলে এটা বেশ সহজ। হ্যারি ও জুডকে একসাথে নামিয়ে দাও, বাকিটা তারা সেরে দিবে। আমাদের আক্রমণে আরেকটু ভালো হওয়া, অন্য খেলোয়াড় পজিশন মতো নিয়ে আসা প্রয়োজন, কিন্তু অবশ্যই, তারা (হ্যারি ও জুড) নির্ণায়ক খেলোয়াড়।’ খবর বিডিনিউজের।

চলতি বিশ্বকাপে দুজনে ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ইংল্যান্ডের করা ১৩ গোলের ১২টিই তাদের। কেইন ও বেলিংহ্যামের গোল সমান, ৬টি করে। অন্য গোলটি মার্কাস র‌্যাশফোর্ডের। শিরোপা ধরে রাখার অভিযানে ছুটতে থাকা আর্জেন্টিনাকে আটকাতে অনুমিতভাবে কেইন ও বেলিংহ্যামের দিকে তাকিয়ে থাকবে ইংলিশরা। টুখেলও বললেন, দুজনে সে দায়িত্ব নিতে প্রস্তুত। ‘তারা দায়িত্ব নিতে ভালোবাসে, তাদের সেই মান আছে, নির্ণায়ক মুহূর্তে তারা সেটা দেখিয়েছে, তাই কোনো সমস্যা নেই; আমাদের এসব নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এই দুজন আমাদের হয়ে খেলে, আমাদের পক্ষে ম্যাচের ভাগ্য গড়ে দেয়, এটা প্রশংসাযোগ্য।’

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে বিশৃঙ্খলার শঙ্কা দেখছেন স্কোলস
পরবর্তী নিবন্ধলড়াইয়ের আগে ইংল্যান্ড দলে বিভেদের গুঞ্জন উড়িয়ে দিলেন কেইন