বিগ ব্যাশ লিগে (বিবিএল) হোবার্ট হারিকেন্সের হয়ে বল হাতে রীতিমতো উড়ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আসরের মাঝপথে ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ দল ছাড়লেও তা নিয়ে একদমই চিন্তিত নন হোবার্ট অধিনায়ক নাথান এলিস। বরং রিশাদের ওপর অগাধ আস্থা রেখে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমাদের রিশাদ আছে।’ উন্নতির লক্ষ্যে বিপিএল ছেড়ে বিগ ব্যাশ বেছে নেওয়া রিশাদ এখন পর্যন্ত হোবার্টের হয়ে ৮ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন। ৭.৬৩ ইকোনমি রেটে বোলিং করা রিশাদ দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। সবশেষ ম্যাচেও ২৬ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। রিশাদের পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক এলিস বলেন, ‘এ বছর আমাদের স্পিনাররা দুর্দান্ত করছে। রেহান আর রিশাদ দুজনেই বিশ্বমানের। টুর্নামেন্টের শেষ দিকে আমরা রেহানকে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমাদের রিশাদ আছে। সে অসাধারণ এক বোলার।’ হোবার্টের মাঠের এক প্রান্ত ছোট হওয়ায় স্পিনারদের জন্য কাজটা কঠিন ছিল। কিন্তু রিশাদের নির্ভীক মানসিকতার প্রশংসা করে এলিস আরও যোগ করেন, ‘মাঠের এক দিক ছোট হওয়া সত্ত্বেও রিশাদকে যখনই ডেকেছি, সে হাসিমুখে বল হাতে নিয়েছে। অধিনায়ক হিসেবে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’ উল্লেখ্য, ৮ ম্যাচে ৬ জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিশাদের দল হোবার্ট হারিকেন্স। রোববার সকাল ৯টায় সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামছে তারা।












