আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে বনিক পাড়ায় গত ২৯ জুন অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি গরু, তিন ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকাসহ মোট ১৬ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। ঘটনায় পুলিশ ডাকাত দলের ৩ সদস্য, ডাকাতির সময় ব্যবহৃত মাইক্রোবাস এবং তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।
গত মঙ্গলবার দুপুরে আনোয়ারা উপজেলার পএবি সড়কের শোলকাটা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ডাকাতদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার, চকরিয়া উপজেলার করাইয়াঘোনা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত (২৬), একই উপজেলার ইসলামনগর গ্রামের মৃত ডা. জহির আহমেদের ছেলে আল মামুন তুষার লিটন (৩১) এবং চকরিয়ার কসাই মো. মানিক হক (৪৫)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানায়, গত ২৯ জুন দিবাগত রাত প্রায় ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র আন্তঃজেলা ডাকাত দল উপজেলার বারশত ইউনিয়নের বণিকপাড়ায় অবস্থিত দীপক ডেইরি ফার্ম–এর ঘরের দরজা ভেঙে খামারের মালিক দীপক মালাকার, তাঁর স্ত্রী এবং দুই কর্মচারীর হাত–পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে।
এরপর ডাকাতরা ঘর তছনছ করে নগদ এক লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং খামারে থাকা পাঁচটি গরু লুট করে নিয়ে যায়। ঘটনায় গত ২ জুলাই আনোয়ারা থানায় একটি মামলা হয়। গত মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াছিন আরাফাত ও আল মামুন তুষার লিটনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে কক্সবাজারের চকরিয়া থেকে লুণ্ঠিত গরুর ক্রেতা মো. মানিক কসাইকে গ্রেপ্তার করা হয়। সেইসাথে ডাকাতির কাজে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো–চ–১১–৪৩৬১ নম্বরের একটি মাইক্রোবাস, একটি লোহার ছোরা, একটি তালা কাটার এবং একটি লোহার রড জব্দ করা হয়েছে।












