জিনিয়াসদের হাত ধরেই সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ গড়ে উঠবে উল্লেখ করে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন বলেছেন, আজকের জিনিয়াসরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। তাদেরকে সঠিক পরিচর্যা দিয়ে মেধা ও মননে যোগ্য করে গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার বিকালে আনোয়ারা উপজেলা মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে, সুশান্ত কুমার শীল ও বিলকিছ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়লা–সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, আনোয়ারা উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. শহীদুল ইসলাম, আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ–আইনবিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম ও সাংবাদিক মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম এরশাদ হোসাইন, জিনিয়াস সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, নাট্যজন মীর জুবেদ, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মহসিন পারভেজ, হাসান জাহাঙ্গীর, শিক্ষক মুহাম্মদ নাছিম উদ্দিন, সাংবাদিক এম ডি রাজু, সাংবাদিক রূপন দত্ত, রেজাউল করিম সাজ্জাদ, নুরুল কবির, নুরুল আজিম, তানজিম আহমেদ ও সাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











