আত্মসমর্পণ করে কারাগারে হাসেমের আরেকপুত্র রুবেল

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

পূর্বাচলের প্লট দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের আরেক ছেলে আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত–৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে গত মঙ্গলবার আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেছিলেন আশফাক আজিজ রুবেল। গতকাল বৃহস্পতিবার আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু জানান, শুনানি নিয়ে আদালত আশফাক আজিজ রুবেলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খবর বিডিনিউজের।

এর আগে গত ১ নভেম্বর এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেল আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন আবেদন নাকচ করে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ১০ নভেম্বর বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাই কোর্ট বেঞ্চ শওকত আজিজ রাসেলের আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে ছয় মাসের জামিন দেন।

এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল ও রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে দুই ধারায় ৭ বছর করে কারাদণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন– রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) এস ডি ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস এম জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ এম জহুরুল হক, সাবেক সদস্য (এস্টেট) রেজাউল করিম তরফদার। দণ্ডিতদের মধ্যে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলের নামে ১০ কাঠার দুটি প্লট বরাদ্দ দিয়েছিল রাজউক।

রাসেল ও রুবেল দুজনই পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে। আম্বার গ্রুপের চেয়ারম্যান ও এমডি রাসেল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির দায়িত্বে রয়েছেন। আর পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

আসামিরা জামিনে ছিলেন। রায় ঘোষণার দিন তারা আদালতে হাজির হননি। এজন্য আদালত জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পূর্ববর্তী নিবন্ধদেশের তৈরি স্যাটেলাইট ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্কুলে ঘণ্টা বাজানোর মানুষটির ৪০ বছরের কর্মজীবন