আত্মবিশ্বাস : উপরে ওঠার সিঁড়ি

সাইফুল্লাহ কায়সার | রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:০৬ পূর্বাহ্ণ

মানুষের জীবনে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো আত্মবিশ্বাস। জ্ঞান, প্রতিভা কিংবা পরিশ্রম এসব যতই থাকুক না কেন, নিজের প্রতি বিশ্বাস না থাকলে সেগুলোর পূর্ণ বিকাশ ঘটে না। আত্মবিশ্বাস মানুষকে প্রতিকূল পরিস্থিতিতেও সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। তাই বলা হয়, আত্মবিশ্বাসই হলো ওপরে ওঠার সিড়ি। যে মানুষ নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখে না, সে নতুন কোনো কাজ শুরু করার আগেই ভয় পেয়ে যায়। ছোট একটি ব্যর্থতাকেও সে জীবনের শেষ পরিণতি মনে করে। ফলে তার মধ্যে হতাশা জন্ম নেয় এবং সে ধীরে ধীরে নিজের সম্ভাবনাকে হারিয়ে ফেলে। অন্যদিকে আত্মবিশ্বাসী মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে। সে জানে, সাফল্যের পথ কখনোই একেবারে মসৃণ হয় না; বরং প্রতিটি বাধাই তাকে আরও অভিজ্ঞ ও দৃঢ় করে তোলে। লেখালেখির জগতের কথাই ধরা যাক। একজন নতুন লেখক প্রথমদিকে সমালোচনার মুখোমুখি হতেই পারেন। অনেক লেখা হয়তো প্রকাশিত হবে না, আবার কোনো কোনো লেখা পাঠকের মনও জয় করতে পারবে না। কিন্তু যিনি নিজের লেখার প্রতি আস্থা রাখেন, তিনি নিরলসভাবে লিখে যান। প্রতিটি সমালোচনা থেকে শিক্ষা নেন, নিজের দক্ষতা বাড়ান এবং একসময় পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। ইতিহাসে যত বড় লেখক, কবি কিংবা সাহিত্যিক রয়েছেন, তাঁদের সাফল্যের পেছনে ছিল অদম্য আত্মবিশ্বাস ও অবিরাম সাধনা। শুধু সাহিত্য নয়, শিক্ষা, ব্যবসা, চাকরি, বিজ্ঞান, খেলাধুলা কিংবা শিল্প জীবনের প্রতিটি ক্ষেত্রেই আত্মবিশ্বাসের গুরুত্ব অপরিসীম।

যে শিক্ষার্থী বিশ্বাস করে সে ভালো ফল করতে পারবে, সে মনোযোগ দিয়ে পড়াাশোনা করে। যে উদ্যোক্তা নিজের স্বপ্নের ওপর আস্থা রাখেন, তিনি ঝুঁকি নিতে সাহস পান। যে খেলোয়াড় নিজের সক্ষমতায় বিশ্বাস রাখেন, তিনি কঠিন প্রতিযোগিতার মাঝেও জয়ের জন্য লড়াই চালিয়ে যান। তবে আত্মবিশ্বাস আর অহংকার এক বিষয় নয়। অহংকার মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু আত্মবিশ্বাস মানুষকে নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখায় এবং সেই সীমাবদ্ধতা অতিক্রম করার অনুপ্রেরণা দেয়। তাই আত্মবিশ্বাসের সঙ্গে বিনয়, সততা এবং কঠোর পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারলেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। আত্মবিশ্বাস জন্মগত কোনো গুণ নয়; এটি ধীরে ধীরে গড়ে ওঠে। নিয়মিত অনুশীলন, ইতিবাচক চিন্তা, সৎ প্রচেষ্টা এবং ছোট ছোট সাফল্যের অভিজ্ঞতা মানুষের আত্মবিশ্বাসকে দৃঢ় করে। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, নতুন কিছু শেখার আগ্রহ বজায় রাখা এবং কখনো হাল না ছাড়ার মানসিকতাও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবনে আপনি যে পথই বেছে নিন না কেন, সেই পথের প্রতি আন্তরিক বিশ্বাস রাখুন। লক্ষ্যকে সামনে রেখে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে চলুন। মনে রাখবেন, আত্মবিশ্বাসহীন মানুষ কখনো নিজের সম্ভাবনার শিখরে পৌঁছাতে পারে না। আর যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে, তার জন্য অসম্ভবও একদিন সম্ভব হয়ে ওঠে। তাই আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে চলুন, কারণ আত্মবিশ্বাসই সফলতার পথে ওপরে ওঠার সবচেয়ে শক্তিশালী সিঁড়ি।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণে আসুক ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে