হিন্দু সমপ্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা (কালী পূজা) ও দীপাবলি উৎসব আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এ পূজা হয়ে থাকে। নগরী ও জেলার বিভিন্ন মন্দির–মণ্ডপ এবং পারিবারিকভাবে এ পূজার আয়োজন করা হয়েছে।
হিন্দু পূরাণ মতে, কালী দেবী দূর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী ও দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
কালী পূজার দিন হিন্দু সমপ্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা–মাতা ও আত্মীয়–স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে অধিবাসের মাধ্যমে পূজার মাঙ্গলিক কর্মসূচি শুরু হয়েছে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টেশ্বরী কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির, সদরঘাট কালী মন্দির, পাথরঘাটা শান্তনেশ্বরী মাতৃমন্দির, লাভলেইন দয়াময়ী কালী মন্দির, চমেক স্টাফ কোয়াটারস্থ মা আনন্দময়ী কালী মন্দির, পটিয়া ধলঘাট বুড়াকালী মায়ের মন্দির, দেওয়ানহাটস্থ দেওয়ানেশ্বরী মন্দির, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের উদোগে জেএমসেন হলে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী শ্যামা পূজা।
এছাড়াও গোসাইলডাঙ্গা কালী মন্দির, দক্ষিণ নালাপাড়া ও উত্তর কাট্টলী রক্ষাকালী বাড়ী, বরমা বুড়াকালী মন্দির, হাজারী লেইন কালী মন্দির, পতেঙ্গা কাটগড় কালী মন্দির, আনোয়ারা শিলালিয়া সিকদার বাড়ি কালী পূজা মণ্ডপ, শিলালিয়া ব্রাক্ষণপাড়া সার্বজনীন কালী পূজা মন্ডপ, করুণাময়ী কালী বাড়ি, ব্রহ্মময়ী কালী বাড়িসহ নগরীর চেরাগী পাহাড় সার্বজনীন কালী পূজা মন্ডপ, পাথরঘাটা, নালাপাড়া, বিভিন্ন উপজেলায় বিভিন্ন মণ্ডপে উৎসব মুখর পরিবেশে শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন মন্ডপে রয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
জানা গেছে, চট্টগ্রামের যেসব মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এর বেশিরভাগ মণ্ডপেই আয়োজন করা হয়েছে কালী পূজার। পূজা উপলক্ষে মণ্ডপ ও মন্দিরগুলোকে সাজানো হয়েছে রঙিন আলোয়।












