আজ থেকে দশটি বুথে করোনার টিকা

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

রোববার উদ্বোধনের পর থেকে চারটি বুথে করোনার টিকাদান কার্যক্রম চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। হাসপাতালের চারতলায় (আইসিইউর পাশে) এসব বুথে প্রথম দিন রোববার ২৩৫ জন সম্মুখ সারির যোদ্ধাকে করোনার টিকা দেয়া হয়। ২য় দিন টিকা গ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২৬ জনে। টিকাগ্রহীতার চাপ বাড়ায় চারটি বুথে টিকা দিতে হিমশিম অবস্থায় পড়তে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চাপ সামলাতে আরো দুটি বুথ বাড়িয়ে মোট ৬টি বুথে গতকাল তৃতীয় দিন টিকা দেয়া হয়।
গতকাল মোট ১ হাজার ৯৫ জন সম্মুখ সারির যোদ্ধাকে টিকা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর। ৩য় দিন ৬টি বুথে টিকাদানে হিমশিম অবস্থায় পড়তে হয়েছে। চাপ সামলাতে আরো চারটি বুথ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল প্রশাসন। আর চারতলার পাশাপাশি দ্বিতীয় তলায়ও টিকাদানে বুথ স্থাপন করা হচ্ছে।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজাদীকে বলেন, দিন দিন টিকাগ্রহীতার সংখ্যা বাড়ায় চাপও বাড়ছে, যার কারণে বুথ সংখ্যা বাড়াতে হচ্ছে। বুধবার থেকে মোট দশটি বুথে টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছি। এর মধ্যে চারতলায় ৫টি বুথে আর দ্বিতীয় তলায় ৫টি বুথে টিকা দেয়া হবে।
হাসপাতাল প্রশাসনের তথ্য মতে, হাসপাতালের ২য় তলায় প্রশাসনিক ব্লকের সম্মেলন কক্ষে নতুন ৫টি বুথ প্রস্তুত করে আজ থেকে টিকা দেয়া হবে। এখানে কেবল চিকিৎসক-নার্স ও অন্য স্বাস্থ্য কর্মীরা টিকা গ্রহণ করবেন। আর চারতলার ৫টি বুথে অন্য অগ্রাধিকার তালিকাভুক্তরা টিকা নেবেন।
অনলাইনে নিবন্ধনকারীরাই কেবল এ টিকা নিতে পারছেন। চল্লিশোর্ধ অগ্রাধিকার তালিকাভুক্তরা জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নিবন্ধন সম্পন্নের পর টিকা কার্ডটি ডাউনলোড করে একটি প্রিন্ট কপি নিতে হবে। প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে গেলে বিনামূল্যে করোনার টিকা নেয়ার সুযোগ পাবেন।

পূর্ববর্তী নিবন্ধছয় পুলিশ দুদিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধ৭ বস্তা ইয়াবা, ২ বস্তা টাকা