চট্টলার শীর্ষস্থানীয় দৈনিক আজাদী চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলে, যা চট্টগ্রামে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানাবিধ চিত্র তুলে ধরার পাশাপাশি সমগ্র দেশের অধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোও পত্রিকার পাতায় প্রকাশ করে থাকে। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অবহেলিত বিভিন্ন স্থানের দুঃখ–দুর্দশা, সংকট আর সম্ভাবনার কথা তুলে ধরতে ধরতে বর্তমানে এই অঞ্চলের মানুষের ভালোবাসার মুখপত্রে পরিণত হয় পত্রিকাটি। চট্টগ্রামের গণমানুষের কথা বলার জন্য সর্বোপরি উন্নয়ন ও সুযোগ–সুবিধা বঞ্চিত ও অবহেলিত জনপদের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ১৯৬০ সালের ৫ই সেপ্টেম্বর এই অঞ্চলের কৃতি সন্তান এবং চট্টলার প্রথম মুসলিম প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক এর হাত ধরে যাত্রা শুরু করেছিল দৈনিক আজাদী। আজকাল আজাদী শুধু একটি সংবাদপত্রই নয়, এটি এখন চট্টগ্রামের দর্পণ হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির সাথে পত্রিকাটি ওতোপ্রোতভাবে জড়িত। চাটগাঁর ইতিহাস জানতে গেলেই আজাদী চলে আসে চোখের সামনে। ডিজিটাল প্লাটফর্মের এ যুগে মুঠোফোনে অনলাইন ভার্সনে পত্রিকাটি বিশ্বের যেকোনো প্রান্তে বসে এক নজরে পড়ে নেওয়া যায়। এই আজাদী পত্রিকা যুগ যুগ ধরে তৈরি করেছে অসংখ্য নবীন–প্রবীণ লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও পাঠকমহল যা সত্যিই প্রশংসনীয় ও অতুলনীয়।












